গৃহবন্দী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করার অনুমতি পেল মেয়ে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৫ পিএম

কাশ্মীরের গৃহবন্দী সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন তার মেয়ে সানা ইলতাজ জাভেদ।

টাইমস অব ইন্ডিয়া জানায়,  প্রশাসনের কড়াকড়িতে গত এক মাসেরও বেশি সময় ধরে মায়ের সঙ্গে দেখা করতে পারছিলেন না তিনি। অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে মেহবুবার সঙ্গে মেয়ের দেখা করার অনুমতি মেলে।

৫ আগস্ট সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার। তার আগের রাত থেকে রাজ্যটিতে আরোপ করা হয় কঠোর নিরাপত্তা পরিস্থিতি।

দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহর সঙ্গে গ্রেপ্তার করা হয় জেকেপিসির প্রধান নেতা সাজ্জাদ লোনকেও। এখন পর্যন্ত অন্তত ৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় রাজ্যটিতে। যাদের মধ্যে ৪০০ এরও অধিক স্থানীয় রাজনৈতিক নেতা। 

প্রশাসনের কড়াকড়িতে গত এক মাস ধরে মায়ের সঙ্গে দেখা করতে পারেননি তার মেয়ে। তাই মায়ের শারীরিক অবস্থা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত বলে সুপ্রিম কোর্টে জানান সানা ইলতাজা জাভেদ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে প্রশ্ন রাখেন যে, তিনি কি একজন মেয়েকে তার মায়ের সঙ্গে দেখা করার রাস্তায় দাঁড়িয়ে থাকতে চান? কোনো মেয়েকে তার মায়ের সঙ্গে দেখা করা থেকে আটকানো যায় না বলে জানিয়ে দেয় দেশটির শীর্ষ আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত