আসামে এনআরসি বাতিল চেয়ে হরতালের ডাক সেই বজরং দলের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩২ পিএম

আসামে নাগরিক তালিকা-এনআরসি'র বিরুদ্ধে ১২ ঘণ্টার হরতাল ডেকেছে হিন্দুবাদী রাষ্ট্রীয় বজরং দল। এনআরসি থেকে বিপুলসংখ্যক হিন্দু জনগোষ্ঠী বাদ পড়ায় এ কর্মসূচি দেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর এই অঙ্গ সংগঠনটি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এনআরসি থেকে বাদ পড়া রাজ্যের আদিবাসী ও হিন্দু শরণার্থী নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া এবং তাদের সাংবিধানিক সুরক্ষা দেওয়ার দাবি জানান আসামের বজরং দল শাখা।

আসামকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীমুক্ত করার দাবিতে ক্ষমতাসীন বিজেপি সমর্থিত সংগঠনটি শুক্রবার ভোর ৫টা থেকে ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি দেয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বজরং দলের আসাম শাখার সভাপতি দীনেশ কলিতা দাবি করেন, এনআরসি থেকে হিন্দু শরণার্থীদের বাদ দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, “আসামের সাবেক রাজ্যপাল, সাবেক মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজ্যমন্ত্রীরা বলেছিলেন রাজ্যে ৫০ লাখেরও বেশি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে। কিন্তু এনআরসি এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা ষড়যন্ত্র করে তাদের ভারতের নাগরিক বানিয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি।”

অসমিয়া ভাষায় ওই বিবৃতিতে দীনেশ কলিতা বলেন, “এই অসামঞ্জস্যপূর্ণ এনআরসি বাতিল না করলে বজরং দল ধারাবাহিক জঙ্গি আন্দোলন চালিয়ে যাবে।”

এ দিন হরতালের পাশাপাশি রাজ্যপালকে স্বারকলিপি এবং অনশন কর্মসূচির ঘোষণাও দেয় হিন্দু সংগঠনটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত