বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সভাপতি পদে প্রার্থী সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আপিলে বাদ পড়া সভাপতি প্রার্থী মোহাম্মাদ মামুন বিল্লাহ রিভিউ করে তার প্রার্থিতা ফিরে পান। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জানা গেছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে শেষ পর্যন্ত আপিল কমিটি তার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে।
আপিল কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ মামুন বিল্লাহ ওরফে মামুন খানের প্রার্থিতা আপিল কমিটি পুনর্বহাল করেছে। কারণ আপিল কমিটি যে কারণে তার প্রার্থিতা বাতিল করেছিল সে বিষয়ে তিনি যথোপযুক্ত তথ্য, ব্যাখ্যা ও দালিলিক প্রমাণ আপিল কমিটির কাছে দাখিল করেছেন। তাতে আপিল কমিটি সন্তুষ্ট হয়ে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিলে সভাপতি পদে বৈধ প্রার্থী হিসেবে অনুমোদন করেছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সভাপতি হিসাবে ৮ জন ও সাধারণ সম্পাদক হিসাবে ১৯ জন প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করেন তিনি। তারা হচ্ছেন- কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, মো. ফজলুর রহমান খোকন, এস এম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার।
