সমাজে মানুষের মধ্যে জনসচেতনতা বাড়িয়ে স্বস্তি আনতে তারকাদের উপস্থিতিতে যাত্রা শুরু করল নতুন সংগঠন ‘ভয়েস অব বাংলাদেশ’।
সম্প্রতি সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, মেহরিন, চিত্রনায়িকা অঞ্জনা, কাজী শুভ, নদী, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ প্রমুখ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, সংগঠনটির সদস্যসচিব শহীদুল ইসলাম টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেরদৌস ওয়াহিদ।
সেখানে তারকারা জানান, ‘ভয়েস অব বাংলাদেশ’একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি সব সময় জনসচেতনতা মূলক কার্যক্রম করে যাবে। এর মধ্যে থাকবে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার ও সেবা করা, শিক্ষা খাতের উন্নয়ন করা, বাল্য বিবাহ রোধে সচেতনতা তৈরি করা, সারা দেশে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সেমিনার-কনসার্ট ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সেমিনার, র্যালি ইত্যাদি বাস্তবায়নের মাধ্যমে যুব সমাজ ও তাদের অভিভাবকদের সচেতন করে তোলা।
বিভিন্ন দিবসে উৎসবের আয়োজন করা। হতদরিদ্র মানুষকে সহায়তা প্রদান করা। বেকার সমস্যা দূরীকরণে যুবকদের দক্ষ-কারিগর হিসেবে প্রশিক্ষণ প্রদান করে গড়ে তোলা। যত্রতত্র গাড়ি পার্কিং রোধে সচেতনতা সৃষ্টি করা। কিশোর অপরাধ ও কিশোর গ্যাং রোধে কিশোরদের সচেতন করে গড়ে তোলা এবং সমাজের নানাবিধ অসংগতি নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা।
