বখাটের অ্যাসিডের ভয়ে বিদ্যালয়ে যেতে পারছে না মেঘলা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৩ পিএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে বখাটের অ্যাসিড নিক্ষেপের ভয়ে প্রায় একমাস যাবৎ বিদ্যালয়ে যেতে পারছে না ছাত্রী মেঘলা আক্তার।

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পৌরসভার গাড়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী অষ্টম শ্রেণির ফাস্টগার্ল মেঘলাকে অ্যাসিড মেরে মুখ ঝলসে দেওয়ার হুমকি দিচ্ছে পাশের বান্দ্রা গ্রামের ফজল মিয়ার মাদকাসক্ত ছেলে মানিক (১৫) ও নুর মুহাম্মদের  বখাটে ছেলে সাখাওয়াত হোসেন (২০)। মেঘলা বন্দটাকুরিয়া গ্রামের মো. মফিজুর রহমানের একমাত্র মেয়ে।

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার।

জানা যায়, সাখাওয়াত ও মানিক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে মেঘলাকে উত্ত্যক্ত করে আসছিল। এরই জের ধরে গত জুলাই মাসে ধনবাড়ী নবাব ইনস্টিটিউটে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে মেঘলাকে অ্যাসিডের বোতল ও চাকু দেখিয়ে ছবি তোলেন সাখাওয়াত, মানিক ও তার বন্ধুরা।

মেঘলার বাবা-মা এর প্রতিবাদ করায় গত ১৫ আগস্ট মধুপুর আসার পথে মানিকদের বাড়ির কাছে পৌঁছালে মেঘলার বাবা-মাকে মারধর করে মানিক ও তার বন্ধুরা। এ ঘটনায় প্রথমে স্থানীয় পৌর কাউন্সিলর মো. তোতা মিয়াকে জানালে তিনি শালিসী মীমাংসার করে দিতে চাইলে টালবাহানা করতে থাকে বখাটেদের অভিভাবক।

মেঘলা জানায়, প্রথমে মানিক তাকে প্রেমের প্রস্তাব দেয়, সাড়া না দিলে মানিকের বন্ধু সাখাওয়াতও প্রেমের প্রস্তার দেয়। উভয়ের প্রস্তাব প্রত্যাখান করায় ওরা দুইজন মিলে অ্যাসিড নিক্ষেপের ভয় দেখাচ্ছে। গত ১৫ আগস্ট থেকে বিদ্যালয়ে যেতে পারছে না মেঘলা।

মেঘলার বাবা মো. মফিজুর রহমান জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বেনু মানিকের চাচাতো ভাই হওয়ায় এবং মানিকের বাবা ধনবাড়ী থানার ওসির বাসার কেয়ারটেকার হওয়ার কারণে কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

মানিকের বাবা ফজল মিয়া জানান, আমার ছেলে মেয়েটার ছবি তুলে ভুল করেছে। সে জন্য তো মেয়ের বাবা মফিজ আমার ছেলেকে মেরেছে, কিন্তু আমি কিছু বলিনি।

পৌর কাউন্সিলর মো. তোতা মিয়া জানান, দ্বিতীয় নুসরাত দেখতে চাই না। ওসির সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

গাড়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম (বেনু) জানান, মেয়েটি আমাকে মুখে বলেছে, আমি লিখিত অভিযোগ দিতে বলেছি কিন্তু দেয়নি। ছেলেটি যেহেতু বহিরাগত তাই অভিযোগ পেলে ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ধনবাড়ী থানার এস. আই নূরে আলম জানান, ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। মেয়ে পক্ষ গ্রাম্য শালিসের মাধ্যমে মীমাংসা করার কথা জানান। তবে মেয়ে পক্ষ মামলা করলে উত্ত্যক্তকারীদের গ্রেপ্তার করা হবে।

গাড়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিন জানান, অভিযোগ পেলে ওসির সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত