কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ৩ ডাকাত’ নিহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১২ এএম

কুমিল্লার বুড়িচংয়ে থানা ও ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কোমল্লা এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে ওই ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা সবাই ডাকাত দলের সদস্য। এ ঘটনায় বুড়িচং থানার ওসিসহ চার পুলিশ আহত হয়েছেন।

নিহতরা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার চরবকর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বাবুল (৩৯), ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর দিঘিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল (২৬) এবং বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪৩)।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো. মাঈনুদ্দিন জানান, কুমিল্লায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন ডাকাত আহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে ৭টি মুখোশ, একটি পিস্তল, ১টি পাইপগান ও ৪ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ ৬/৭টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত