ভারতের চন্দ্রযান-২ অভিযান দৃশ্যত ব্যর্থ হয়েছে। শেষ মুহূর্তে চন্দ্রযান-২ বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে মুষড়ে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান কে শিবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে তার কান্নার ছবিও ভাইরাল হয়েছে।
ইসরোর প্রধানকে সান্ত্বনা দিতে আবেগঘন এক চিঠি লিখেছেন প্রিয়জন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এক কাশ্মীরি।
আনন্দবাজার লিখেছে, চন্দ্রযান বিক্রমের সঙ্গে শিবনের মনের অবস্থা বুঝতে কষ্ট হয়নি ‘স্বজন বিচ্ছিন্ন’ ওই কাশ্মীরির। যোগাযোগ বিচ্ছিন্ন কাশ্মীরিদের যন্ত্রণা ফুটিয়ে তুলে ইসরো প্রধানকে খোলা চিঠি দেন ওই কাশ্মীরি।
একটি ইংরেজি পোর্টালের সিটিজেন জার্নালিস্ট ফাইজান বুখারি লিখেছেন, ‘প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে না পারা কতটা যন্ত্রণা ও কষ্টের তা জানি। আমি আমার চাঁদ- আমার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’
শিবনকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর সান্ত্বনা দেওয়া প্রসঙ্গে টেনে তিনি লেখেন, ‘আপনি (ইসরো প্রধান) ভাগ্যবান। প্রধানমন্ত্রী আপনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন। আমার মতো হতভাগ্যকে দেখুন, এক মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন- কেউ সান্ত্বনা দিতে, সহমর্মিতা জানাতে এলেন না। আমার মতো মানুষের জন্য একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী।’
গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন ও রাজ্যের মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার। প্রায় দেড় মাস হতে চললেও এখনো নজিরবিহীন কারফিউতে গোটা কাশ্মীর উপত্যকা বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন। সেখানে বন্ধ রয়েছে টেলিফোন, মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা।
