দেশের একমাত্র নীলগাইটিকে নেওয়া হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৬ পিএম

দেশের একমাত্র বিলুপ্ত প্রায় নীলগাইটিকে দিনাজপুর  রামসাগর জাতীয় উদ্যান থেকে নেওয়া হচ্ছে কক্সবাজার জেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে।

চলতি বছরের ২২ জানুয়ারি নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১টি পুরুষ নীলগাই উদ্ধার করে বন বিভাগ। পরে সেটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের কৃত্রিম বনে রাখা হয়। দীর্ঘদিন রামসাগরে থাকার পর সোমবার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে নীলগাইটিকে নেওয়ার জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করে রামসাগর জাতীয় উদ্যানের কর্মকর্তারা।

রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক মো. সাদেকুর রহমান দেশ রূপান্তরকে এই খবর নিশ্চিত করে বলেন, ‘বন অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক আমরা নীলগাইটিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে নিচ্ছি। নীলগাইটিকে খাঁচার ভেতর করে একটি পিকআপ ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে কক্সবাজার জেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে।

নীলগাইটি সাফারি পার্কে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘মূলত বন অধিদপ্তরের সিদ্ধান্তেই নীলগাইটিকে সাফারি পার্কে নেওয়া হচ্ছে। রামসাগর জাতীয় উদ্যানে নীলগাইটির পর্যাপ্ত জায়গা, খোলামেলা পরিবেশ ও চিকিৎসক না থাকায় বন অধিদপ্তর এই সিদ্ধান্ত  নিয়েছে। ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে দক্ষ পশু চিকিৎসক ও একটি পশু হাসপাতালও আছে।’

সেখানে নীলগাইটি ভালো থাকবে বলেও মনে করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত