প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০০ পিএম

ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (২০) ধর্ষণের দায়ে মিলন সিকদার (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন  সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিলন সিকদার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম পুটিয়াখালী এলাকার আজাহার আলী সিকদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৮ আগস্ট দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম পুটিয়াখালী গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে তার নিজ ঘরে একা পেয়ে ধর্ষণ করে একই এলাকার মিলন সিকদার।

এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ২০ আগস্ট মিলন সিকদারকে আসামি করে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই বছরের ৩১ অক্টোবর পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হানিফ সিকদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর দোষী প্রমাণিত হওয়ায় আদালত মিলন সিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ  দেন। আসামি মিলন সিকদার পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত