নেত্রকোনার মোহনগঞ্জ–নাজিরগঞ্জ রাস্তার সমাজ বাজার থেকে মধুপুর ও কয়ড়া পাড়া থেকে নাজিরগঞ্জ বাজার পর্যন্ত তিন কিলোমিটার জিসি রাস্তা টেন্ডারের ৪ বছর পরেও কোন কাজ না হওয়ায় রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকার মানুষ ।
কয়ড়া পাড়া ইউপি সদস্য হাবিবুর রহমানসহ ক্ষোভ প্রকাশ করেন এলাকার ভুক্তভোগী লোকজন।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০১৬ খ্রিস্টাব্দে ২ কোট ৫০লাখ ও ৭৯ লাখ টাকা ব্যয়ে রাস্তা দুটি নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান নেত্রকোনার এস এম আঙ্গুর, ও ময়মনসিংহের মহিবুল হক। কাজের মেয়াদ শেষ হয় ২০১৭ সালে।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা ভেঙে বিপদজনক অবস্থা তৈরী হয়েছে ।
কয়ড়াপাড়া গ্রামের মঞ্জু মিয়া জানান, প্রায় ১৫ টি গ্রামের মানুষজনের মোহনগঞ্জ শহরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি।
হাছলা উচ্ছ বিদ্যালয়ের শিক্ষার্থী মণি ও রাসেল জানান, বর্ষাকালে রাস্তার ওপরে বড়বড় ভাঙা থাকায় সাঁকো তৈরী করে দেয় এলকাবাসী। তাই স্কুলে যেতে খুবই সমস্যা হয় । রাস্তার সমস্যায় বর্ষাকালে স্কুলে যাওয়া বন্ধ থাকে।
ইউপি চেয়ারম্যান আমিনূর ইসলাম সোহেল জানান, টেন্ডার হওয়া রাস্তাটি দীর্ঘদিন যাবৎ কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ এখন চরমে।
