মুম্বাইতে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কাশ্মীরের সংগীতশিল্পী আদিল গুরেজিকে। অবরুদ্ধ কাশ্মীর থেকে এক মাস পর মুম্বাইতে ফিরে এমন পরিস্থিতির শিকার হন তিনি।
ইন্ডিয়া টুডে জানায়, পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা সীমানাবর্তীয় উত্তর কাশ্মীরের গুরেজ এলাকার বাসিন্দা আদিল। ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময় নিজ গ্রামেই ছিলেন তিনি। কঠোর কড়াকড়ি আরোপের ফলে তিনি আটকে যান।
আদিল জানান, অবরুদ্ধ পরিস্থিতি থেকে অনেক কষ্টে মুম্বাই পৌঁছান তিনি। ফিরে এসেই দেখেন, বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন।
তবে মুম্বাই পুলিশের সহায়তায় তিনি নিজের ফ্ল্যাটে উঠতে পেরেছেন। কিন্তু কাশ্মীরি হওয়ার কারণে তার বন্ধুবান্ধব ও সহশিল্পীরা তাকে এড়িয়ে চলছে। তাকে কাজে নিতে চাইছে না বলে এই শিল্পীর অভিযোগ। এমন পরিস্থিতিতে তিনি সবার সমর্থন কামনা করেন।
অনলাইন দুনিয়ায় আদিলের দারুণ জনপ্রিয়তা। তার কাশ্মীরি সুর ও গানের ভক্ত লাখ লাখ তরুণ-তরুণী। এই শিল্পীর গানের ভিডিও দেখেছে কয়েক মিলিয়ন মানুষ।
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর অঞ্চলটির মানুষ ভারতজুড়ে নিগ্রহের শিকার হচ্ছে। গত বুধবার ভারতের রাজস্থানে এক কাশ্মীরি ছাত্র নিপীড়নের শিকার হয়। তাকে সালোয়ার কামিজ পরিয়ে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা।
নির্যাতনের শিকার ওই কাশ্মীরি তরুণ রাজস্থানে নীমরানায় একটি বেসরকারি কলেজের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী।
