বান্দরবানে শিক্ষা সফরে গিয়ে ঝরনায় গোসল করতে নেমে তাহসান (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তিনি ঢাকার আইডিয়াল কলেজের শিক্ষার্থী এবং ঢাকার রামপুরা এলাকার জান্নাতুল বাকীর ছেলে।
মঙ্গলবার দুপুরে বান্দরবান শহর থেকে ১০ কিলোমিটার দূরে রেইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেড়াতে আসা শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে কলেজের ১৩২ জনের একটি দল বান্দরবানে শিক্ষা সফরে আসে। দুপুরে শহরের কাছে একটি প্রাকৃতিক ঝরনায় বেড়াতে যায় সবাই। এ সময় ঝরনায় গোসল করতে নেমে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাহসান। পরে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীদের একটি প্রাকৃতিক ঝরনা দেখাতে নিয়ে যাওয়া হয়। ঝরনাটিও বেশ ছোট। এর মধ্যে তাহসান কীভাবে মারা গেলো কেউ বুঝতে পারছে না।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক ভুঁইয়া জানান, নিহত কলেজ ছাত্রের মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা আছে। স্বজনেরা পৌঁছালে তাদের কাছে হস্তান্তর করা হবে।
