কালীগঞ্জে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে।

মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ শহরের নিমতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা শেষ করে বিএনপির দলীয় অফিসে যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মাহবুবার রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য তবিবর রহমান মিনিসহ দলের প্রায় ৪০/৫০ জন নেতা-কর্মী ।

এসময় পেছন দিক থেকে ১৫/২০ জনের একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে তাদের ওপর। এসময় উভয় গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

কালীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম সাইদুল বলেন, ঝিনাইদহ থেকে জেলা বিএনপির সভা শেষে শান্তিপূর্ণভাবে শহরের দলীয় কার্যালয়ে যাচ্ছিলাম। হঠাৎ ১০/১৫ জনের একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে আমাদেরকে ধাওয়া করে। হামলাকারীরা সবাই হামিদুল ইসলাম হামিদ গ্রুপের সন্ত্রাসী ক্যাডার।

সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ জানান, আমি মারামারির বিষয়ে তেমন কিছু জানি না। তবে রনি নামে আমার এক কর্মী আহত হয়েছেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, নবগঠিত ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা শেষ করে দলের সিনিয়র নেতাদের নিয়ে আমি দলীয় কার্যালয়ে দিকে যাচ্ছিলাম। এসময় ১০/১৫ জনের একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে আমাদের ধাওয়া করে।

কালীগঞ্জ থানার এস আই দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত