হাবিপ্রবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৭ পিএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৯টায় ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও কবুতর উড়ানো, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সাজানো হয়েছে বিভিন্ন আলোকসজ্জায়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেনসহ প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। মেয়েদের পরনে নতুন শাড়ি ও ছেলেদের দেখা গেছে নতুন পাঞ্জাবিতে।

কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল মান্নান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২০তম দিবসটি আমরা উদযাপন করতে পেরে ধন্য। এর আগে এরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ রকম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করেছে। আশা রাখি আগামীতেও এমন প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ের অনেক পরিবর্তন হয়েছে। হাবিপ্রবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের রূপ দিতে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছি। আশা রাখি হাবিপ্রবি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে সমাদৃত হবে সকলের কাছে এই প্রত্যয় নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত