কুষ্টিয়ায় দুই দল মাদক বিক্রেতার সঙ্গে পুলিশের ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের এক এসআইসহ চার সদস্য।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরতলির মোল্লাতেঘরিয়ার পূর্ব ক্যানালের পাড়ে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতের নাম সুজন মালিথা। তিনি কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে। সুজন এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা দাবি করে পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে কুষ্টিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের ৭ টি মামলা আছে।
ঘটনাস্থল থেকে ৩০০ ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, পূর্ব ক্যানালের পাড়ে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলি হচ্ছে খবরে পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি ছোড়ে। এ সময় পুলিশও গুলি করলে মাদক বিক্রেতারা পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে আহত চার পুলিশ সদস্যকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
