চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিনে পাঁচ শতাধিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। গতকাল সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ প্রতিযোগিতা হয়। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। এদিকে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বিকেলে চিত্রা নদীতে নারী-পুরুষের নৌকাবাইচ হবে। এতে যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতিযোগিতা অনুষ্ঠানে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, পরিচালক নাজমুল হাসান লিজা, মুন্সী আসাদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান মঞ্চ চত্বরে গত বুধবার থেকে শুরু হয় সুলতান উৎসব।
