শিশুসন্তানসহ অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৭ পিএম

নোয়াখালীর সুধারাম থানার কাজির চরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার তিন বছরের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সুধারাম থানায় ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

নিহত গৃহবধূ ফারহানা বেগম পান্নার বাবা আবুল কালাম জানান, এক সপ্তাহ আগে পান্নার স্বামী আবুল কালাম পান্নাকে ১টি ব্লাউজ ও ১টি পেটিকোট কিনে দেন। এতে পান্নার শ্বশুর আইয়ুব আলী ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শনিবার বেলা সাড়ে ১১টায় স্বামীর অবর্তমানে পান্নাকে ব্যাপক মারধর করেন। এক পর্যায়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা পান্নার তলপেটে লাথি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি ৩ বছরের শিশু শারমিন দেখে ফেলায় তাকেও দাদা আইয়ুব আলী গলাটিপে হত্যা করে ঘরে তালা দিয়ে রাখেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির হোসেন জানান, পুলিশ শনিবার বিকেল ৩টায় থানা এলাকার কাজিরচরের আইয়ুব আলীর বাড়ি থেকে ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ফারহানা বেগম পান্না (২৪) ও তার মেয়ে শারমিন আক্তারের (৩) লাশ উদ্ধার করে। রবিবার লাশ দুটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

এ ব্যাপারে নিহত গৃহবধূর বাবা আবুল কালাম বাদী হয়ে পান্নার শ্বশুর আইয়ুব আলী, দেবর পারভেজ ও রাজু এবং ননদ রুমানাকে আসামি করে খুনের মামলা করেন। পুলিশ অভিযুক্ত পান্নার শ্বশুর আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত