পশ্চিমবঙ্গ থেকে ‘বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর হুমকি বিজেপি বিধায়কের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:১০ পিএম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিং।

এনডিটিভি জানায়, গত শনিবার সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন, “মমতা শত বাধা দিলেও পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর করা হবে এবং সব বাংলাদেশির হাতে দুটি খাবারের প্যাকেট ধরিয়ে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে।”

এনআরসি ইস্যুতে মমতার পদক্ষেপের সমালোচনা করেন সুরেন্দ্র সিং বলেন, “পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের স্থান করে দিতে মমতা এনআরসির বিরোধিতা করছেন। পশ্চিমবঙ্গে এনআরসি প্রয়োগ করা হবে তা নিশ্চিত। চূড়ান্ত তালিকার পর পশ্চিমবঙ্গে যারা ভারতের নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবেন না, তাদের সম্মানজনকভাবে ভারত ছাড়তে হবে।”

 বিধায়ক সুরেন্দ্র সিং আরও বলেন, “লঙ্কার মানুষ হনুমানজিকে প্রবেশের অনুমতি দেয়নি। তবুও তিনি সেখানে প্রবেশ করেছিলেন এবং লঙ্কা জয় করেছিলেন। একইভাবে যোগী আদিত্যনাথ এবং অমিত শাহও পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন এবং অনেক আসন জয় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লঙ্কার রাবণ। সেখানে রাম (বিজেপি সরকার) পা রেখেছেন। শিগগিরই পুরো পশ্চিমবঙ্গ জয় করবে বিজেপি।”

গত ৩১ আগস্ট প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা। এই তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। বাদ পড়া ব্যক্তিদের ভারতের পক্ষ থেকে অবৈধ বাংলাদেশি দাবি করা হলেও ঢাকা বলছে, ভারতে বাংলাদেশের কোনো অবৈধ নাগরিক নেই। আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি করার হুমকি দিয়ে আসছে বিজেপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত