আফগানিস্তানের রাজধানী কাবুল ও পারওয়ান প্রদেশে গতকাল মঙ্গলবার পৃথক হামলায় ৩০ জন নিহত হয়েছে। এর মধ্যে পারওয়ানের রাজধানী ছারিকরে নির্বাচনী সমাবেশে হামলায় অল্পের জন্য প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রাণে রক্ষা পেয়েছেন।
পারওয়ান হাসপাতালের প্রধান আবদুল কাশিম সানগিন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলায় ২৪ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু বেশি। নিহত আরও বাড়তে পারে। প্রেসিডেন্টের নির্বাচনী ক্যাম্পেইনের মুখপাত্র হামিদ আজিজ বার্তা সংস্থা এপিকে বলেন, বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট ভাষণ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত ও নিরাপদে আছেন। প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা জানান, নির্বাচনী জনসভার মধ্যে ঢুকে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাশরাত রাহিমি রয়টার্সকে জানান, একইদিন রাজধানী কাবুলের গ্রিনজোনে আরেক হামলায় ৬ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।
