কুমিল্লার মুরাদনগরে পুলিশ কর্মকর্তার কাছে পাওনা টাকা দাবি করায় জাহাঙ্গীর আলম বাবুল নামে এক সৌদিপ্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। এতে দাবি করা হয়, দুই পুলিশ কর্মকর্তার প্রভাবে প্রাণনাশের আশঙ্কায় ওই প্রবাসী এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনা উপজেলার ধামঘর গ্রামের। বাবুল ওই গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে।
তাকে একাধিক মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানির অভিযোগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালালউদ্দিন, মবিন মিয়া, আলিম সরকার, বাচ্চু সরকার, আমিন সরকার সুজন মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে প্রবাসী জাহাঙ্গীর আলম বাবুল জানান, তার স্ত্রীর বড় বোনের জামাতা ও বর্তমানে গাজীপুর ডিবির ওসি মনিরুজ্জামান খোকন এবং চাচা ওসি মোবারক সরকার বিয়ের পর ১২ লাখ টাকা ধার নেন। কিন্তু দেশে এসে টাকা ফেরত চাইলে তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়।
