১৮ অক্টোবরের মধ্যে ‘শেষ করতে হবে’ বাবরি মামলার শুনানি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৮ পিএম

অযোধ্যায় রাম জন্মভূমি ও বাবরি মসজিদ সংক্রান্ত মামলার শুনানি আগামী ১৮ অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

বুধবার শীর্ষ আদালত বলে, আবেদনকারীরা চাইলে মধ্যস্থতার মাধ্যমে মন্দির-মসজিদ বিরোধ নিষ্পত্তি করতে পারে।

১৭ নভেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার আগে এই রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।

গত মাসেই ভারতের সর্বোচ্চ আদালত জানায়, বাবরি মামলায় মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হয়েছে এবং ৬ আগস্ট থেকে এই মামলার দৈনিক শুনানি চলবে। এতদিন ধরে সেই শুনানি চলছে।

অযোধ্যায় শতাব্দী প্রাচীন বাবরি মসজিদটি ১৯৯২ সালে ভেঙে দেওয়া হয়। কিছু হিন্দুত্ববাদীর দাবি ছিল এই মসজিদের জায়গায় রামের জন্মস্থান বলে পরিচিত এই অঞ্চলে একটি প্রাচীন মন্দির ছিল, সেই মন্দিরের ধ্বংসাবশেষের উপরই নির্মিত হয়েছিল মসজিদটি।

বিষয়টি নিয়ে ভারতে রীতিমতো দাঙ্গা শুরু হয়। মারা যায় প্রায় ২ হাজার মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত