ধর্ষণ মামলার বাদীর হাত পা গুঁড়িয়ে দিয়েছে আসামিরা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলার বাদী ছিদ্দিক হাওলাদারের এক হাত ও দুই পা গুঁড়িয়ে দিয়েছে আসামিরা।

মঙ্গলবার রাতে উপজেলার মহিপুর থানার চাপলি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছিদ্দিককে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ওই রাতে চিকিৎসক দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় মহিপুর থানা পুলিশ বুধবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ওই মামলার এজাহারভুক্ত আসামি খায়ের (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। 

আহত ছিদ্দিক জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চাপলি বাজারের ধুলাশ্বর ইউনিয়ন পরিষদের সামনে তাকে রড ও ইট দিয়ে পিটিয়ে হাত পা গুঁড়িয়ে দিয়েছে। তার স্ত্রীর ধর্ষণের ঘটনায় জড়িত মামলার আসামিরা সদ্য জেল থেকে বের হওয়া শাকিল, শাহ আলম, মামুন, রবিউলসহ কয়েক যুবক এ হামলা চালিয়েছে।

আহতের ভাই কবির হাওলাদার বলেন, খবর শুনে ভাইকে উদ্ধার করে চাপলী বাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা আসামিদের ভয়ে চিকিৎসা দেয়নি। ধর্ষণ মামলার জেরে এ হামলা চালানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে কলাপাড়া উপজেলার ধুলাশ্বর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে স্বামীকে বেধে তার সামনে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন একই এলাকার মৃত মনু মাঝির ছেলে শাহ আলম, মনির হাওলাদারের ছেলে শাহিন, রবিউল, আল-আমিন, আব্দুর রশিদ, শাকিলসহ ১০ থেকে ১২ জন।

এ ঘটনায় ১৬ এপ্রিল ধর্ষিতার স্বামী ছিদ্দিক বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযাগে দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত