ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট হচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়িতে। বুধবার রাত ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
বুধবার বিকালে ঢাকার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে কাউন্সিলরদের ডাকা হয়েছিল, সন্ধ্যার পর তাদের নিয়ে যাওয়া হয় শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে।
সেখানেই স্থাপিত ভোটকেন্দ্রে রাতে কাউন্সিলররা নতুন নেতৃত্ব বাছাইয়ে ভোট দেওয়া শুরু করেছেন।
ছাত্রদলের ১১৭টি শাখার ৫৩৩ জন নেতার ভোটে ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে।
ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, রাত ৮টায় ভোট শুরু হবে। রাত ৮টার পর আর কাউকে (ভেতরে) ঢুকতে দেওয়া হবে না।
ছাত্রদলের শীর্ষনেতা নির্বাচনে ১৯৯২ সালের পর এই প্রথম ভোট হচ্ছে। ওই কাউন্সিলের রুহুল কবির রিজভী সভাপতি এবং এম ইলিয়াস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
ভোটগ্রহণ শুরুর পর ছাত্রদলের এই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের কাজটি শুরু করেছি।
ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন নয়জন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী ১৯ জন।
১৪ সেপ্টেম্বর এই কাউন্সিল অনুষ্ঠানের দিন ঠিক করা হলেও ছাত্রদলের এক নেতার আবেদনে ঢাকার একটি আদালত এই কাউন্সিলে স্থগিতাদেশ দেওয়ায় তা হয়নি।
বিএনপি নেতারা বলেন, আইনজীবীরা মত দিয়েছেন যে কাউন্সিল করায় আইনগত কোনো বাধা নেই।
এর পরপরই বুধবার বিকালে নয়া পল্টনের কার্যালয়ে প্রার্থী ও কাউন্সিলরদের ডাকে এই কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটি।
ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি পদের প্রার্থীরা হলেন- ফজলুর রহমান খোকন, হাফিজুর রহমান, মামুন বিল্লাহ (মামুন খান), সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পি, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো এরশাদ খান, মাহমুদুল আলম সরদার ও কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।
সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন- মো. শাহনেওয়াজ, আমিনুর রহমান আমিন, জাকিরুল ইসলাম জাকির, তানজিল হাসান, কারিমুল হাই নাঈম, মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, শেখ আবু তাহের, সাদিকুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন শ্যামল, জুয়েল হাওলাদার, মুন্সি আনিসুর রহমান, মিজানুর রহমান শরিফ, শেখ মো. মসিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা ও কাজী মাজহারুল ইসলাম।
