প্রায় দুই মাস পর এক দিনে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচে নামল। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯১ জন ভর্তি হয়েছেন। এর আগে সর্বশেষ গত ২১ জুলাই সকাল ৮টা থেকে ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩৯ জন। এর পরের ২৪ ঘণ্টায়ই তা বেড়ে ৫৫৩ জনে পৌঁছায়। তবে নতুন আক্রান্ত রোগীদের মধ্যে এখনো ঢাকা শহরের চেয়ে ঢাকার বাইরে দ্বিগুণেরও বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, জুলাইয়ের প্রথম ১০ দিন ডেঙ্গু আক্রান্ত রোগী কিছুটা কম থাকলেও এরপর থেকে ক্রমেই তা বাড়তে থাকে। গত ৩০ জুলাই প্রথমবারের মতো চলতি বছর এক দিনে নতুন আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা হাজারের ওপরে পৌঁছায়। ওইদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর এর মাত্র ৬ দিনের মাথায় ৫ আগস্ট ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়ায়। ওইদিন দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭ আগস্ট। ওইদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ঢাকা শহরে রোগীর সংখ্যা বেশি ছিল। কিন্তু আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকার বাইরেও ডেঙ্গু ছড়িয়ে পড়ে। এরপর থেকে শহর ও গ্রামে সমানতালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ে। আগস্টে ৫১ হজার ১৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা বিগত ১৯ বছরের মোট আক্রান্ত রোগীর চেয়েও বেশি। তবে সেপ্টেম্বরের শুরু থেকেই রোগীর সংখ্যা কমতে শুরু করে। আর এক মাস পর গত ৩১ আগস্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নামে। ওইদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৬০ জন। এরপর থেকে আক্রান্ত রোগীর সংখ্যা হাজারের নিচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন ও ঢাকার বাইরে ৩৩২ জন। এ বছর দেশে ৮৩ হাজার ৪৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৫২ জন এবং গতকাল সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ২ হাজার ২২৬ জন। এদের মধ্যে ঢাকায় ৯০৩ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩২৩ জন। চলতি বছর ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ১১৬টি মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গুতে ৬৮টি মৃত্যু নিশ্চিত করেছে।
