খাবারে কেঁচো-বড়শি পাওয়ায় রাবির ছাত্র হলে ভাঙচুর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংয়ের খাবারে মাছ ধরার বড়শি ও কেঁচো পাওয়ার অভিযোগে ভাঙচুরের ঘটনা ঘটেছে। হলের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন করেছে আবাসিক শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুর ২টা থেকে চলা আন্দোলনের একপর্যায়ে হল অভ্যন্তরে চেয়ার, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় হল প্রশাসনের কাছে বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানান তারা।

এদিকে বড়শি ও কেঁচো পাওয়ার ঘটনা তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

জানা যায়, হলের আবাসিক শিক্ষার্থী ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় মাছ ভর্তার মধ্যে মাছ ধরার বড়শি ও কেঁচো পান। ঘটনার জানা-জানি হলে হলের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

তাদের দাবি, এর আগেও হলের ডাইনিংয়ের খাবারে পোকা পাওয়া গেছে।

এদিকে হল প্রাধ্যক্ষ ড. একরাম হোসেন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে চেষ্টা করলেও তারা থামেনি। প্রাধ্যক্ষ ভেতরে প্রবেশ করতে চাইলেও প্রথমে তাকে ঢুকতে দেওয়া হয়নি।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান উপস্থিত হয়ে হল প্রাধ্যক্ষসহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এতে হলের আবাসিক শিক্ষক সাইফুর রহমানকে আহ্বায়ক করা হয়। অন্য দুই আবাসিক শিক্ষক ড. আব্দুল হালিম, ড. ছালেকুজ্জামান খাঁন সদস্য হিসেবে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত