দিনাজপুরের বিলে ঘুরতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৮ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলে নির্মিত দৃষ্টিনন্দন কাঠের ব্রিজ দেখতে গিয়ে নৌকা ডুবিতে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সোয়া ৩টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের আশফাক দীপ্ত (২৪), হাবিপ্রবির ফিসারিশ বিভাগের লেভেল-২, সেমিষ্টার-২ এর শিক্ষার্থী রাফিত রাহাত (২৩) ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফারিহা সৌমি (২৩)।

একই ঘটনায় গুরুতর আরো দুজন আহত হবার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, অন্তু মিয়া (২৪) এবং মনোয়ার হোসেন (২৩)। তারা দুজনও হাবিপ্রবির শিক্ষার্থী বলে জানা যায়।

জানা যায়, দিনাজপুরের হাবিপ্রবি ও মহিলা কলেজের কয়েকজন শিক্ষার্থী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলে ঘুরতে যায়। তারা কাঠের ব্রিজ দেখার পাশাপাশি নৌকায় করে ৫ বন্ধু বিলের মাঝে যায়। নৌকার মাঝি ছাড়াই তারা একটি নৌকাতে ৫ জন বিলের মাঝখানে গেলে নৌকা দোল খেতে থাকে। এমন সময় নৌকা উল্টে গেলে ৫ জনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

পরে তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা. মো. খায়রুল ইসলাম নিহতের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, নৌকা ডুবির ঘটনায় ৫ জন শিক্ষার্থীকে আমাদের এখানে নিয়ে আসলে আমরা ৩০ থেকে ৪০ মিনিট ধরে সবরকম চেষ্টা করি তাদের বাঁচানোর জন্য। কিন্তু ৫ জনের মধ্যে ৩ জনকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, শনিবার বিকেল সোয়া ৩টার দিকে আশুড়ার বিলে কয়েকজন শিক্ষার্থী ঘুরতে এলে তারা বিলের মাঝখানে নৌকা করে ঘুরতে যায়। বিলের মাঝখানে নৌকা বেসামাল হলে ৫ জনই পানিতে পড়ে যায়। এতে হাজী দানেশের দুজন ছাত্র ও দিনাজপুর মহিলা কলেজের একজন ছাত্রী মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত