মোটরসাইকেলের জন্যই স্কুলছাত্র আশরাফুলকে হত্যা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫০ পিএম

মানিকগঞ্জে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে নিখোঁজের দেড় মাস পর জানা গেছে তিনি নিখোঁজ হননি। তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।

গত শনিবার রাতে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে দুই আসামি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হানিফ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৬ আগস্ট বিকেলে স্কুলছাত্র আশরাফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন। ঘটনার পরদিন আশরাফুলের দাদা নাজিম উদ্দিন মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে জিডিটি মামলা আকারের রেকর্ড করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নিখোঁজ স্কুলছাত্রের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করেন। ২৫ আগস্ট আশরাফুলের ব্যবহৃত মোবাইল ফোনটি পরিত্যক্ত অবস্থায় সিংগাইর আজিজমপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

ওই মোবাইলের সূত্রে ধরে গত বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কাফাটিয়া গ্রামে মনোয়ার হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (২৪) ও সিংগাইর উপজেলার উত্তর জামশা গ্রামের আবুল হাশেমের ছেলে আরিফ হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়।

শুক্রবার তাদের দেওয়া তথ্যে নিখোঁজ আশরাফুলের মরদেহ উদ্ধারের জন্য উত্তর জামশা এলাকায় কালিগঙ্গা নদীতে ডুবুরি দিয়ে অভিযান চালানো হয়। কিন্তু লাশের সন্ধান পাওয়া যায়নি।

গ্রেপ্তারকৃতরা পুলিশ ও আদালতকে জানিয়েছেন ঘটনার দিন গত ৬ আগস্ট স্কুলছাত্র আশরাফুলকে তার ব্যবহৃত সুজিকি মোটরসাইকেল নিয়ে আসামি ইব্রাহিম হোসেন সিংগাইর উপজেলার উত্তর জামশা যায়।

সেখানে আশরাফুলসহ চার আসামি উত্তর জামশা গ্রামে আলমের বাড়িতে মাদক সেবন করে। এরপর একটু রাত হলেই আশরাফুলকে নিয়ে ইউনুসের বাঁশঝাড়ে নিয়ে যাওয়া হয়। আসামিরা আশরাফুলকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ পাশের কালিগঙ্গা নদীতে ফেলে দেয়। ওই রাতেই আশরাফুলের মোবাইলের ইমো ব্যবহার করে আসামিরা তার প্রবাসী বাবা মোহাম্মদ আলীর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও বিভিন্ন বিকাশের নম্বর দেন টাকা পাঠানোর জন্য।

ঘটনার কয়েকদিন পর আশরাফুলের সুজকি মোটরসাইলটি রাজবাড়ি জেলার সাজ্জাদ হোসেনের কাছে ৪০ হাজার টাকা বিক্রি করে ওই টাকা আসামিরা ভাগ করে নেয়। আশরাফুলের ওই মোটরসাইকেলটি শুক্রবার সিলেটে উদ্ধার করা হয়েছে। 

অপরদিকে চারজন আসামির মধ্যে একজন সম্প্রতি বিদেশে পাড়ি জমিয়েছেন। বাকি ৩জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শনিবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে দুই আসামি আশরাফুলকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত