মাদক কারবারি ধরতে গিয়ে ডিবির গুলি পথচারী আহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৫ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে মাদক কারবারি সালাউদ্দিন সালুকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলিবর্ষণ করলে একজন গুলিবিদ্ধ হয়।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মাদক কারবারি সালাউদ্দিন সালু ওই এলাকার ওসমান গনির জামাতা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আনার সময় তার সহযোগী ও বাড়ির লোকজন পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলিতে ওই এলাকার ওবায়দুল্ল­ার ছেলে পোশাকশ্রমিক নাদিম (২৮) আহত হন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, সালাউদ্দিন বন্দর থানা পুলিশের তালিকাভুক্ত ৭নং সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।

ডিবির এসআই মিজানুর রহমান জানান, সালাউদ্দিনকে ধরতে বাগবাড়ীতে অভিযান চালানো হয়। তখন তার সহযোগীরা ডিবির ওপর হামলা চালায়। ডিবির একটি গাড়ি ভাঙচুরও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তখন সহযোগীরা পিছু হটলে তাকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত