আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে ক্ষমতাসীন দলের নেতারা গ্রেপ্তার হলেও তাতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ না হয়ে বরং বাড়বে বলে মনে করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘আমি মনে করি যেটা করা হচ্ছে, এটা ঢেকে রাখলে লাভ হতো না।’ গতকাল রবিবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আবদুর রাজ্জাক বলেন, ‘আমি মনে করি না এতে ইমেজের কোনো ক্ষতি হবে। বরং আমাদের ভাবমূর্তি বাড়বে, মানুষের আস্থা বাড়বে। ধুলাবালি, ময়লা, গন্ধ ঝাড়– দিয়ে কার্পেটের নিচে যদি রেখে দেন, কেউ দেখবে না; তাতে কি ধুলাবালির অপকার থেকে আপনি রেহাই পাবেন? উটপাখি বালির মধ্যে মাথা ঢুকিয়ে দিলেও তীব্র রোদ থেকে রেহাই পায় না।’ এই অভিযান লোক দেখানো কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আইওয়াশ করে তো বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। দেশের মানুষ খুবই সচেতন।’ এ অভিযান চলবে কি নাÑ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা চলমান, গতকালও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন।’
সম্প্রতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের এক বৈঠকে যুবলীগের চাঁদাবাজি নিয়ে কথা বলেন। সেই বৈঠকের কথা তুলে ধরে রাজ্জাক বলেন, ওই বৈঠকে বলা হয়েছিল, একটি সংগঠন আপনার দীর্ঘায়ু কামনা করে ৩০ দিনের কর্মসূচি নিয়েছে। উনি শুনে ক্ষিপ্ত হয়ে বলেছেন, ‘চাঁদাবাজি করে আমার দীর্ঘায়ু কামনা করলে কী লাভ হবে? মানুষ আমার জন্য বদদোয়া করবে, আল্লাহও খুশি হবে না।’
