এমিতেও সেরা ‘গেম অব থ্রোনস’ এমিতেও সেরা ‘গেম অব থ্রোনস’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১ পিএম

শেষ সিজনে সারা বিশ্বের দর্শকদের মুগ্ধ করেছিল ‘গেম অব থ্রোনস’। অতীতের মতো পুরস্কারেও বাজিমাত করল। ৭১তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের আসরে সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছে সিরিজটি। আর এবারও দেখা গেল টেলিভিশন নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।

লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটার রবিবার সম্মাননা তুলে দেওয়া হয় সেরাদের হাতে। চলতি বছরের অস্কারের মতো এই প্রথমবার এমি অ্যাওয়ার্ডসেও নির্দিষ্ট উপস্থাপক ছিলেন না।

‘গেম অব থ্রোনস’-এ অভিনয় করে সেরা সহঅভিনেতা ড্রামা বিভাগে পুরস্কার জিতলেন পিটার ডিঙ্কলেজ। একই বিভাগে এর আগে ২০১১, ২০১৫ ও ২০১৮ মিলিয়ে চারবার পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন তিনি। এবারের পুরস্কারটি সিরিজের দুই প্রযোজককে উৎসর্গ করেন ডিঙ্কলেজ। ‘গেম অব থ্রোনস’কে বিদায় জানাতে আয়োজনের কমতি ছিল না। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে আসেন কিট হরিংটন, লেনা হেডে, এমিলিয়া ক্ল্যাক, পিটার ডিঙ্কলেজ, সোফি টার্নার, মাইজি উইলিয়ামসহ সিরিজের তারকারা। দর্শক সারিতে উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে তাদের সম্মান জানান।

সাড়া জাগানো এই সিরিজ বরাবরই এমির আসর মাতিয়ে আসছিল। আট সিজন মিলিয়ে ১৬১টি মনোনয়ন পায় ‘গেম অব থ্রোনস’, জেতে ৪৭টি পুরস্কার।

এমি অ্যাওয়ার্ডের মোট ১২২টি বিভাগের মধ্যে আগেই ক্রিয়েটিভ আর্টস এমিতে দেওয়া হয় ৯৬টি পুরস্কার, রবিবার রাতে দেওয়া হলো ২৬টি। এবারের আসরের মনোযোগ কাড়া বিষয় হলো- টিভি ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের লড়াই। মনোনয়ন ও পুরস্কার পাওয়ার দিক থেকে এইবিও’র পর এগিয়ে আছে নেটফ্লিক্স ও আমাজন।

‘গেম অব থ্রোনস’-এর দুই পুরস্কারসহ এইচবিও’র পেয়েছে নয়টি পুরস্কার। এর মধ্যে আছে ‘বেরি’র জন্য কমেডি বিভাগে সেরা অভিনেতা বিল হার্ডার। আলোচিত সিরিজ ‘চেরনোবিল’ পেয়েছে তিনটি পুরস্কার। এ ছাড়া আমাজনের ঝুলিতে গেছে চারটি পুরস্কার। আগের সপ্তাহে দেওয়া ‘ক্রিয়েটিভ আর্টস এমি’ বিবেচনায় নিলে সব নেটওয়ার্টকে পেছনে ফেলে এইচবিও’র ঝুলিতে গেল ৩৪টি পুরস্কার, যথাক্রমে ২৭ ও ১৫টি পুরস্কার পেয়েছে নেটফ্লিক্স ও আমাজন। এর পর আছে ন্যাশনাল জিওগ্রাফিক, এনবিসি, সিএনএন, ফক্স নেটওয়ার্ক।

 

এক ঝলকে উল্লেখযোগ্য পুরস্কার-

আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ : গেম অব থ্রোনস (এইচবিও)

আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ : ফ্লিব্যাগ (আমাজন)

অভিনেতা ড্রামা সিরিজ : বিলি পর্টার, পোজ

অভিনেত্রী, ড্রামা সিরিজ : জোডি কোমার, কিলিং

অভিনেতা, কমেডি সিরিজ : বিল হার্ডার, বেরি

অভিনেত্রী, কমেডি সিরিজ : ফিবে ওয়ালার ব্রিজ, ফ্লিব্যাগ

পরিচালক, ড্রামা সিরিজ : জেসন বেইটম্যান, ওজার্ক

পরিচালক, কমেডি সিরিজ : হ্যারি ব্রাডবির, ফ্লিব্যাগ

পরিচালক, লিমিটেড সিরিজ বা সিনেমা : জোহান রেঙ্ক, চেরনোবিল

পরিচালক, ভ্যারাইটি স্পেশাল : ডন রয় কিং, স্যাটারডে নাইট লাইভ

সহঅভিনেতা, ড্রামা সিরিজ : পিটার ডিঙ্কলেজ, গেম অব থ্রোনস

সহঅভিনেত্রী, ড্রামা সিরিজ : জুলিয়া গার্নার, ওজার্ক

সহঅভিনেতা, কমেডি সিরিজ : টোনি শ্যালহুব, দ্য মার্ভেলাস মিসেস মেইজেল

সহঅভিনেত্রী, কমেডি সিরিজ : অ্যালেক্স বোরস্টেইন, দ্য মার্ভেলাস মিসেস মেইজেল

আউটস্ট্যান্ডিং লিমিটেড সিরিজ : চেরনোবিল

আউটস্ট্যান্ডিং টেলিভিশন মুভি : ব্ল্যাক মিরর : ব্যান্ডেরস্ন্যাচ

অভিনেতা, লিমিটেড সিরিজ বা মুভি : ঝারেল জেরম, হোয়েন দে সি আস

অভিনেত্রী, লিমিটেড সিরিজ বা মুভি : মিশেল উইলিয়ামস, ফসে/ভেরদঁ

সহঅভিনেতা, লিমিটেড সিরিজ বা মুভি : বেন উইশও, আ ভেরি ইংলিশ স্ক্যান্ডাল

সহঅভিনেত্রী, লিমিটেড সিরিজ বা মুভি : প্যাট্রিকা আরকেট, দ্য অ্যাক্ট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত