মানবতাবিরোধী অপরাধ: চিকিৎসার জন্য আকরামের জামিন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:০১ এএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ময়মনসিংহের নকলার এ কে এম আকরামের (৬৫) অসুস্থতা বিবেচনায় নিয়ে তার চিকিৎসার জন্য জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামির আবেদনের পরিপ্রেড়্গিতে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির ট্রাইব্যুনাল গতকাল সোমবার শুনানি নিয়ে জামিনের এ আদেশ দেয়।

আদালতে আকরামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।

আইনজীবীরা জানান, ময়মনসিংহের কোতোয়ালি থানার একটি মামলায় আকরাম হোসেনকে ২০১৭ সালের ২৪ এপ্রিল গ্রেপ্তার করা হয়। এরপর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ওই বছরের ২২ মে তাকে গ্রেপ্তার দেখানো হয়।  

অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান জানান, ২০০৩ সালে সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেন গুরুতর আহত হন। তার হিপ জয়েন্ট ভেঙে যায়। ২০০৭ সালে অস্ত্রোপচার হলেও সেখানে ইনফেকশন দেখা দেয়।

তিনি বলেন, ‘এ মামলায় গ্রেপ্তারের আগে আকরাম দেশের বাইরে গিয়েও চিকিৎসা নিয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন। আড়াই বছর যাবৎ কারাগারে থাকায় তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন তার হিপ জয়েন্ট নতুন করে জোড়া  লাগাতে হবে যা কারাগারে থেকে সম্ভব নয়।’

আবদুস সাত্তার পালোয়ান জানান, চিকিৎসাজনিত যুক্তি দেখিয়ে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছে। আইনজীবী ও ছেলে জিম্মায় এবং ঢাকায় অবস্থান করার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। 

একাত্তরে শেরপুরের নকলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের এই মামলায় চারজনকে আসামি করা হয়। এর আগে এ মামলার আরেক আসামি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি দুজন কারাগারে আছেন। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে। সাতজন সাক্ষী ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন বলে জানান আইনজীবীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত