পাকিস্তান শাসিত কাশ্মীরে শক্তিশালী এক ভূমিকম্পে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ৩০০ এরও বেশি মানুষ। এ ভূমিকম্পে প্রতিবেশী ভারতসহ পাকিস্তানের বিশাল অঞ্চল কেঁপে উঠে।
ডন জানায়, মঙ্গলবার বিকেলে ৫.৮ রিখটার স্কেলের এই ভূমিকম্পে কেঁপে উঠে দুই দেশের রাজধানী দিল্লি ও ইসলামাবাদসহ বড় শহরগুলো।
কাশ্মীরের নিউ মিরপুর এলাকায় উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ৮-১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।
ভূমিকম্পে হতাহতদের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধার ততপরতা চালাতে সামরিক ও বেসামরিক সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর সহ পাকিস্তানের পুরো উত্তরাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। ভারতের দিল্লির রাজধানী অঞ্চলসহ উত্তর ভারতের বড় অংশও তীব্র ধাক্কায় কেঁপে উঠে ।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর নাজিব আহমেদ জানান, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৫.৮ রিখটার স্কেলের ভূমিকম্পটি আঘাত হানে।
স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মিরপুর জেলার একাধিক এলাকা ধুমরে মুচড়ে গেছে।
শক্তিশালী এই ভূমিকম্পে দিল্লি থেকে ইসলামাবাদ সব শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি ও কর্মস্থল থেকে মানুষ রাস্তায় আশ্রয় নেয়।
