বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস পালিত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০২ এএম

চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৭তম আত্মাহুতি দিবস। গতকাল ব্রিটিশবিরোধী আন্দোলনের এই বিপ্লবীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের পাশাপাশি তার স্মৃতিবিজড়িত ইউরোপিয়ান ক্লাবকে জাদুঘর হিসেবে সংরক্ষণের দাবি উঠেছে।

গতকাল মঙ্গলবার সকালে সাবেক সিটি মেয়র মনজুর আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা শাখা, বাসদ (মার্ক্সবাদী), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন নগরীর পাহাড়তলীস্থ প্রীতিলতা স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে।

এরপর সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ব্রিটিশের শোষণ থেকে দেশকে এবং দেশের মানুষকে মুক্ত করতে স্বাধীনতার জন্য প্রীতিলতা জীবন দিয়েছিলেন। নারীমুক্তির সংগ্রামে মূল চেতনা হিসেবে প্রেরণা ও উৎসাহের নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। কিন্তু আক্ষেপের বিষয়, রাষ্ট্রীয় কোনো উদ্যোগ পরিলক্ষিত হয় না, যার মাধ্যমে আমরা প্রীতিলতার চেতনাকে নারীসমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি।

সভায় বক্তারা পাঠ্যবইয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী অন্তর্ভুক্ত করা এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মাস্টার দা সূর্যসেন, বীরকন্যা প্রীতিলতাসহ সব বীর সেনানীর স্মৃতিবিজড়িত ইউরোপিয়ান ক্লাবকে জাদুঘর হিসেবে সংরক্ষণের দাবি জানান।

উল্লেখ্য, ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালানো হয়। গভীর রাতে অভিযান শেষে ফেরার সময় প্রীতিলতার গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের সঙ্গে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত