জাতীয় নাগরিক তালিকা-এনআরসি নিয়ে আতঙ্কে পশ্চিমবঙ্গে আত্মহত্যার মিছিল বেড়েই চলেছে। এর মধ্যে এনআরসি নিয়ে বিস্ফোরক বক্তব্য দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও রাজ্যের পর্যবেক্ষক কৈলা বিজয়বর্গীয়।
জি নিউজ জানায়, বুধবার সকালে ইন্দোর থেকে কলকাতা বিমানবন্দরে পা রেখেই এনআরসি প্রসঙ্গে মুখ খোলেন তিনি।
কৈলাস বিজয়বর্গীয়কে এদিন এনআরসি প্রসঙ্গে জিজ্ঞাসা হলে তিনি স্পষ্ট জানান, “হ্যাঁ পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ এনআরসি হবে।”
তার ভাষ্য, “বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসলে অনুপ্রবেশকারীদের এ দেশ থেকে বিতাড়িত করা হবে। পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশে যে অল্পসংখ্যক হিন্দু আছে, তাদের এ দেশে স্থান দেওয়া হবে। খুব শিগগিরই সিটিজেনশিপ বিল আনা হবে। তারপর এনআরসি হবে।”
এদিকে রাজ্যের প্রতিটি জেলার বাসিন্দা মূলত সীমান্তবর্তী এলাকার মানুষদের তাড়া করছে এনআরসি আতঙ্ক। তালিকায় নাম না উঠলে কী হবে তা নিয়ে মানসিক চাপে আছেন তারা। এই দুশ্চিন্তায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে উত্তর চব্বিশ পরগনার মাটিয়াতে মারা গিয়েছেন একজন। অন্যদিকে নথি সংশোধনের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে বালুরঘাটের এক বাসিন্দার। এখন পর্যন্ত আত্মহত্যা করেছেন অন্তত ১১ জন ব্যক্তি।
জেলাগুলোতে আধার কার্ড-সহ একাধিক পরিচয়পত্র সংশোধনের কাজ শুরু হয়েছে। প্রতিদিন সেখানে মানুষ লাইন দীর্ঘ হচ্ছে। কলকাতাতেও পৌরসভা, মুখ্যমন্ত্রী কার্যালয় ও স্বাস্থ্য ভবনে প্রয়োজনীয় নথি জোগাড় করতে লাইন দিতে দেখা গিয়েছে উদ্বিগ্ন শহরবাসীকে।
