বিচ্ছেদের কারণ জানালেন বলিউড গায়কের তৃতীয় স্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৩ পিএম

বিখ্যাত গায়ক লাকি আলীর তৃতীয় স্ত্রী মডেল-অভিনেত্রী কেট এলিজাবেথ হাল্লাম। কিছুদিন আগে বিচ্ছেদ হয়ে যায় তাদের। বিচ্ছেদ হলেও ছেলে দানি মাসুদ আলীর প্রতি কর্তব্যে অবহেলা করেন না লাকি।

সাবেক স্বামীকে নিয়ে সম্প্রতি মুখ খুললেন এলিজাবেথ। জানালেন বিচ্ছেদের কারণ।

সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ের পর লাকি আলী তাদের জন্য যথাসাধ্য করেছেন। কীভাবে তাকে ও ছেলেকে ভালো রাখা যায়- সব সময় সেই চেষ্টা করেছেন। কিন্তু গোল বাঁধে অন্যত্র।

এলিজাবেথ জানান, লাকি পরপর তিন সংসারের জন্য সময় ভাগ করে নেন, যা নাকি কোনো নারী মেনে নিতে পারেন না। সেই কারণেই লাকি আলীর সঙ্গে বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছেন।

তবে বিচ্ছেদের পরও ছেলের জন্য যে কোনো সিদ্ধান্ত তারা একসঙ্গে নেন বলে জানান এলিজাবেথ।

২০১০ সালে বেঙ্গালুরুতে একটি পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে এলিজাবেথ হাল্লামকে বিয়ে করেন লাকি আলী। এই গায়কের আগের দুই সংসারে রয়েছে চার সন্তান।

লাকি আলী বিখ্যাত অভিনেত্রী মীনা কুমারীর ভাতিজা। তার বাবা মেহমুদও বলিউডের খ্যাতিমান অভিনেতা।

গানের পাশাপাশি অল্প কিছু টিভি শো ও সিনেমায় অভিনয় করেছেন লাকি। এর মধ্যে ‘সুর দ্য মেলোডি অব লাইফ’ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত