বশেরমুবিপ্রবি ভিসির ফের অশালীন মন্তব্য, ঝাড়ু মিছিল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেরমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি সপ্তম দিনের মতো অব্যাহত আছে। এ কর্মসূচির অংশ হিসাবে বুধবার সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসের জয়বাংলা চত্বর থেকে একটি ঝাড়ু মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। এর আগে এদিন সকাল ৯টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও বিদ্রোহী সংগীত গাওয়া হয়।

মিছিলে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ঝাড়ু দিয়ে যেমন সকল ময়লা আবর্জনা দূর করা হয়। তেমনি আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আবর্জনা, দুর্নীতি ও নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত উপাচার্যের পদত্যাগের দাবিতে এই মিছিল করেছি।

উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন মঙ্গলবার বেসরকারি টেলিভিশন যমুনাকে দেয়া এক সাক্ষাৎকারে ফের শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনরতরা। বুধবার সকাল ১০টার দিকে জয় বাংলা চত্বরে উপাচার্যের ওই মন্তব্যর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণিত বিভাগের আন্দোলনরত ছাত্র মো.আল গালিব।

লিখিত বক্তব্যে গালিব বলেন,বঙ্গুবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সব অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলন, ভর্তি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের অনশন এবং অবস্থান কর্মসূচির সপ্তম দিন অতিবাহিত হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল মিডিয়াতে দেওয়া ভিসির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, ভিসির যেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তিনি সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হুমকি দিচ্ছেন। মিডিয়া কাভারেজ বন্ধ করে দিলে না কি তিনি ২ ঘণ্টার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হটিয়ে দেবেন। এটা আপনার কোন কৌশল? তাহলে কি আবারও আপনি আপনার লালিত সন্ত্রাসী বাহিনীদের দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আক্রমণ করবেন, যা মিডিয়া কাভারেজ থাকার কারণে পারছেন না।

প্রসঙ্গত, যমুনা টিভিতে দেয়া সাক্ষাৎকারে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা ‘ঝোপে-ঝাড়ে’ বসে থাকে বলে অশালীন ইঙ্গিতবাহী নানা মন্তব্য করেন ভিসি নাসিরউদ্দিন।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথম আন্দোলন শুরু হয় এবং গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে তারা একটানা ষষ্ঠদিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে।

বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত