দেশের সকল অধস্তন আদালতের এজলাসকক্ষে (কোর্ট রুম) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো ও তা সংরক্ষণের নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। দুই মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সোমবার মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার সিনিয়র সহকারী সচিব তৈয়বুর হাসান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অধস্তন আদালতের সকল এজলাস/ কোর্ট রুমে জাতির পিতার প্রতিকৃতি টানানো ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে শুনানি নিয়ে গত ২৯ আগস্ট বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে আদালতের এজলাস কক্ষে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের আদেশ দেয়। পাশাপাশি রুল জারি করে হাইকোর্ট।
এ সংক্রান্ত নির্দেশনা চেয়ে অ্যাডভোকেট সুবীর নন্দী দাস গত ২১ আগস্ট হাইকোর্টে এ রিট আবেদনটি করেন।
