বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন নাট্যজন লাকী ইনাম। গত ২৩ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্বে যোগ দিয়েছেন। এর আগে ২০১৪ সাল থেকে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এ দায়িত্ব পালন করেন। এবার সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হলেন লাকী ইনাম। গতকাল বুধবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে লাকী ইনাম বলেন, ‘শিশু একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করতে সব রকম চেষ্টা করব। শিশুরা তো ফুলের মতো, পাখির মতো পবিত্র। তারা যেন সুস্থ, সামাজিক, সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠতে পারে। তার জন্য আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। শিশুদের সঙ্গে আমার কাজ করতে ভালো লাগে। এ দায়িত্বের মধ্য দিয়ে সারা দেশের শিশুদের সঙ্গে থাকতে পারব, এটা আমার জন্য আনন্দের।
চেষ্টা থাকবে সারা দেশের স্কুলগুলোর সঙ্গে শিশু একাডেমির সম্পৃক্ততা আরও বাড়ানোর।’ লাকী ইনাম বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সঙ্গে চার দশকেরও বেশি সময় ধরে যুক্ত। ১৯৭২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের মাধ্যমে থিয়েটারে জড়িত হন। এরপর দলটির বিভিন্ন নাট্য প্রযোজনায় অভিনয় করেন।
পরে নাগরিক নাট্যাঙ্গন নামে নিজেরা নতুন নাট্যদল গড়ে তোলেন। বর্তমানে এই দলটির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
