সর্বশেষ প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। তবে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। অলরাউন্ডারদের তালিকায় আছেন দ্বিতীয় স্থানে।
ব্যাটসম্যানদের তালিকায় মাহমুদউল্লাহর সঙ্গে যৌথভাবে ৩২তম অবস্থানে আছেন সাকিব। বোলারদের তালিকায় আছেন ৮ম স্থানে। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড তিন ক্ষেত্রেই বাংলাদেশের সেরা সাকিব।
তবে সবচেয়ে অবাক করা তথ্যটা হচ্ছে, টি-টোয়েন্টির সেরা পঞ্চাশ বোলারের তালিকায় কেবল বাংলাদেশের দুজন। যেখানে সাকিবের পর মোস্তাফিজের অবস্থান। তবে সেটি ২৮তম (সাকিব ৮ম)। এক ধাপ পিছিয়েছেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ বোলিং র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছেন ৫৬তম স্থানে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনি এক ধাপ পিছিয়ে আছেন পঞ্চম স্থানে।
ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে ২৯ ধাপ এগিয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। ঢুকেছেন সেরা দশে। বোলারদের র্যাঙ্কিংয়ে নবম স্থানে তিনি। মুজিবের মতো ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে চমক দেখিয়েছেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা। এই সিরিজেই অবসরে যাওয়া এই তারকা ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে ওঠে এসেছেন ২২তম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন বাবর আজম। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ম্যাক্সওয়েল। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান।
