ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলবেন সাকিব। কী চমকে উঠলেন তো। একটু বোধহয় ভয়ও পেয়েছেন। পাওয়ারই কথা। বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা যদি ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন তাহলে আমাদের কী হবে? কিছু হবে না। কারণ সাকিব আল হাসান বাংলাদেশের ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আসলে ইংল্যান্ডের হয়ে অন্য সাকিব মাঠে নামবেন। যার পুরো নাম সাকিব মাহামুদ। ল্যাঙ্কাশায়ারের এই পেস বোলার ইংলিশ টেস্ট এবং টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন।
সাকিব পাকিস্তানি বংশোদ্ভূত। জন্ম বার্মিংহামের ওয়ারউইকশায়ারের। ডানহাতি মিডিয়াম পেসার। সোশ্যাল মিডিয়ায় যাকে ‘সন্ত্রাসী’ হিসেবে অনেকেই গালাগাল করেছেন। এই বছরের শুরুতে ইংল্যান্ড লায়নের হয়ে সীমিত ওভারের ম্যাচ খেলতে ভারত সফরে যেতে চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারত সরকার তাকে ভিসা দেয়নি। নভেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে ইংল্যান্ড। সেই সফরের জন্য টেস্ট এবং টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ায় বিবিসিকে সাকিব বলেন, ‘হঠাৎই কেউ কেউ আমাকে সন্ত্রাসবাদী হিসেবে ডাকতে শুরু করে। এটা শোনার মতো তেমন কিছুই আমি করিনি। লোকে ভাবতে শুরু করে আমি ক্রিকেট সফরে গিয়ে উল্টোপাল্টা কিছু করতে পারি।’ দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ২১ উইকেটে নিয়েছেন সাকিব। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরমেন্সের কারণেই টি-টোয়েন্টি এবং টেস্ট উভয় দলেই ডাক পেয়েছেন তিনি। দলে নাম আছে শোনার পর কেমন অনুভূতি হয়েছিল সে সম্পর্কে জানাতে গিয়ে বিবিসিতে তিনি বলেছেন, ‘আমি জানতাম অনেক ভোরে দল ঘোষণা হবে। ফোনটা কেবল হাতে নিয়েছি, তখনই রিংটোন বেজে উঠল। ভেবেছিলাম কোনো ফোন পাব না। কিন্তু দলে সুযোগ পাওয়ার খবর শোনার পর সত্যি অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আরও ভালো লাগছিল টেস্ট এবং টি-টোয়েন্টি উভয় দলে থাকতে পেরে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট এবং টি-টোয়েন্টি দলে আছেন কেবল জো ডিনলে, শ্যাম কোরান, ম্যাথু পারকিনসন এবং সাকিব।
প্রথম শ্রেণির ক্রিকেটে উজ্জ্বল পারফরমেন্সের কারণেই দলে ডাক পান তিনি। ২২ বছরের সাকিব ল্যাঙ্কাশায়ারের পক্ষে ১৬ ম্যাচ খেলেছেন। ২৮.৯০ গড়ে উইকেট নিয়েছেন ৪২টি। লিস্ট এ তে ২৭ ম্যাচে ৫০ উইকেট আছে তার। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় ২০১৫ সালে পেশাদার ক্রিকেট খেলতে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব। লিস্ট এ ম্যাচে টানা দুইবার ৫ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারের হয়ে রেকর্ড গড়েছেন তিনি। এ বছর রয়াল লন্ডন ওয়ানডে কাপের সেই পারফরমেন্সের কারণেই হয়তো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন তিনি।
