টি২০ র‌্যাংকিংয়ে উন্নতি সাকিব ও মুজিবের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৪ এএম

ত্রিদেশীয় টি-টোয়েন্টি শেষে এই ফরম্যাটের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। তাতে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে সাকিবের। ৫ ধাপ এগিয়ে এসেছেন ৩২ নম্বরে। বোলারদের তালিকায় একধাপ পিছিয়ে ৮-এ, তবে অলরাউন্ডার হিসেবে আগের মতো দ্বিতীয় অবস্থানেই আছেন বাংলাদেশ অলরাউন্ডার। তবে এই সিরিজ শেষে সবচেয়ে উন্নতি হয়েছে আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের। ২৯ ধাপ এগিয়ে বোলারদের মধ্যে নবম অবস্থানে এই তরুণ।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের (৩৯০) পরেই আছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৩৫৫। তৃতীয় অবস্থানে থাকা মোহাম্মদ নবির ৩৩৯। টি-টোয়েন্টি সিরিজে বল হাতে বাজে সময় কাটান সাকিব। মোট ৫ উইকেট পেলেও তাই একধাপ অবনমন হয়েছে তার। ৬৬৩ রেটিং পয়েন্ট নিয়ে আছেন অষ্টম অবস্থানে। মুজিব ৬৫২ পয়েন্ট নিয়ে ৩৮তম অবস্থান থেকে এক লাফে ৯-এ এসে পড়েছেন। শীর্ষে ৭৫৭ পয়েন্ট নিয়ে যথারীতি রাশিদ খান। ব্যাটিংয়েও সাকিবের সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। কিন্তু সর্বশেষ ম্যাচে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে র‌্যাংকিংয়ে উপরে উঠে এসেছেন সাকিব। ৫৩৬ পয়েন্ট নিয়ে এখন ৩২ নম্বরে। এই পজিশনে আগে থেকেই ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শোয়েব মালিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত