দেশের মানুষ জাতীয় পার্টিকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে: জি এম কাদের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৮ এএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে। দেশের রাজনৈতিক শূন্যতা পূরণে যে কয়টি রাজনৈতিক শক্তি আছে, এর মধ্যে জাতীয় পার্টি অন্যতম।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি দিয়ে জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। সাধারণ মানুষ এখন জাতীয় পার্টির খোঁজ রাখে। জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশবাসী। আমরা সাধারণ মানুষের আস্থা নিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রাদেশিক সরকারব্যবস্থা প্রবর্তন করব, বেকারত্ব দূর করব, উপজেলা পরিষদকে আরও শক্তিশালী করব, তৃণমূল পর্যায়ে বিচারব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষকে আইনি সহায়তা দেওয়া হবে।

নেতাকর্মীদের উদ্দেশে জাপার চেয়ারম্যান বলেন, যাদের শ্রম ও ঘামে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের অবদান কখনই অস্বীকার করব না। দলকে আরও সুপ্রতিষ্ঠিত করতে ত্যাগী নেতাকর্মীদের আরও বেশি অবদান রাখতে হবে।

এ সময় প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান জহুরুল আলম রুবেল, আদেলুর রহমান আদেল, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা কমিটির অনুমোদন

এদিন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির ১১১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। কমিটিতে সৈয়দ সাহাবউদ্দিন আহমেদকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। পরে নবনির্বাচিত নেতারা পার্টির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত