মানুষে মানুষে আস্থাহীনতার প্রভাব নির্বাচনেও: ইসি রফিকুল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৭ পিএম

সারা পৃথিবীর মানুষ এখন আস্থাহীনতায় ভুগছে জানিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম নির্বাচন নিয়ে বাংলাদেশের ভোটারদের মধ্যে এর প্রভাব পড়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন।   

নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আস্থার সংকট আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমনটা বলেন রফিকুল ইসলাম।

শুক্রবার সকালে রংপুর সরকারি কলেজে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রফিকুল ইসলাম।

নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ নেই কেন, এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলোতে বড় একটি রাজনৈতিক দল অংশ নেয়নি। এতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হওয়াতে প্রার্থীরাও ভোটারদের কাছে যায়নি। এ কারণে ভোটারদের কাছে নির্বাচন নিয়ে আগ্রহ কম। তবে ভোট প্রদানে কেন আগ্রহ কমছে, তা গবেষণার প্রয়োজন’।

এ সময় সাধারণ ভোটারদের আস্থার সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন সারা পৃথিবীর মানুষ আস্থাহীনতায় ভুগছে। বাংলাদেশ এ ক্ষেত্রে এগিয়ে। মানুষের প্রতি মানুষের আস্থা নেই। পিতা সন্তানকে বিশ্বাস করে না। সন্তান পিতার প্রতি আস্থা রাখতে পারছে না। এই আস্থাহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে’।

 

ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ নাকচ করে নির্বাচন কমিশনার বলেন, ‘সম্প্রতি বগুড়ার উপনির্বাচনে তো ইভিএম ছিল। বিএনপি সেখানে জয়ী হয়েছে। তখন তো ইভিএম নিয়ে কোনো কথা ওঠেনি। আশা করছি, রংপুর নিয়েও কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না’।

ভোটকেন্দ্র থেকে কোনো এজেন্টকে বের করে দেওয়া কিংবা কোনো ভোটারকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ভোটগ্রহণ স্থগিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জি. এম সাহাতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত