নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরে অভিনব কায়দায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময়ে মহিলা যুবলীগ নেত্রীসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় মামলা না হওয়ায় পুলিশ তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় বলে বলে জানা গেছে।
আটক মমতাজ বেগম সাথী রাণীনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও দাউদপুর গ্রামের আশিকুজ্জামান বিপ্লব এর স্ত্রী এবং কাশিমপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। আটক অপর ব্যক্তি হলেন- জাকারিয়া হোসেন।
স্নানীয় সূত্রে, মহিলা যুবলীগ নেত্রী এবং কথিত সাংবাদিক মমতাজ বেগম সাথী দীর্ঘ দিন ধরে চ্যানেল ৬৯ এর নওগাঁ জেলা সংবাদদাতা পরিচয়ে বিভিন্ন মিষ্টির দোকান, বেকারীর ফ্যাক্টরিতে ক্যামেরাপারসন জাকারিয়া হোসেনের সহায়তায় ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় নজিপুরের একটি মিষ্টির দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় দোকানের মালিক কৌশলে তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সাংবাদিক পরিচয়ধারী দুজনকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, মমতাজ বেগম সাথীর বিরুদ্ধে একাধিক মানুষকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে করা অন্য মামলা বিচারাধীন রয়েছে। তার স্বামী আশিকুজ্জামান বিপ্লব দুই বছর যাবৎ অস্ত্র ও মাদক মামলায় কারাগারে রয়েছেন বলেও জানায় পুলিশ।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেশ রূপান্তরকে জানান, সাংবাদিক পরিচয় দিয়ে মহিলা যুবলীগ নেত্রী মমতাজ বেগম সাথী এবং তার সহযোগী জাকারিয়া হোসেনকে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা হেফাজতে রাখা হয়। তবে এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ না করায় দুজনকেই মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
