চুয়াডাঙ্গার জীবননগর থেকে ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল খায়রুল ইসলামকে (৩৪) আটক করেছে বিজিবি। এ সময় তার সহযোগী রফিকুল ইসলামকেও (৩৮) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৭ বোতল ফেনসিডিল।
শুক্রবার সন্ধ্যায় জীবননগর উপজেলার শিংনগর গ্রামের স্থানীয় একটি পত্রিকার সম্পাদকের বাড়ি থেকে তাদের আটক করে বিজিবি।
আটক পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম মেহেরপুর শহরের ঈগদা পাড়ার বাসিন্দা। তিনি বর্তমানে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। আর রফিকুল ইসলাম সিংননগর গ্রামের বাসিন্দা।
রফিকুল ইসলাম চুয়াডাঙ্গার স্থানীয় ‘দৈনিক নতুন খবর’ পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদের ছোট ভাই। পৈতৃক বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির একটি দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার সিংনগর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করা হয় পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম ও তার সহযোগী রফিকুল ইসলামকে।
স্থানীয় রাজাপুর বিওপির নায়েক সুবেদার হুমায়ন কবির জানান, ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবলের সঙ্গে আটক রফিকুল চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত ‘দৈনিক নতুন খবর’র প্রকাশক সাদেকুর রহমান বকুল ও সম্পাদক আসাদুজ্জামান আসাদের ছোট ভাই। পত্রিকা সম্পাদকের ভাই এ দাপটে তিনি দীর্ঘদিন মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।
ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক পুলিশ কনস্টেবল খায়রুল ও সহযোগী রফিকুলকে মামলা দিয়ে রাতেই জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে।
