দল দখল ও আক্রমণে দুই দলেরই আধিপত্য ছিল প্রায় সমানে-সমান। এরপরও সমর্থকদের মন ভরেনি এবারের মাদ্রিদ ডার্বিতে। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে রিয়াল আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ মধ্যকার এই লড়াই।
নিজেদের মাঠে শনিবার রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে প্রতিবেশী রিয়ালকে রুখে দেয় আতলেতিকো। জয় না পেলেও চলতি লিগে অপরাজিত থাকার ধারা ধরে রেখেছে রিয়াল। সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জিনেদিন জিদানের দল।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় গোলের খুব কাছেই চলে গিয়েছিলেন রিয়াল করিম বেনজেমা। কিন্তু ফরাসি এই স্ট্রাইকারের হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন আতলেতিকো গোলরক্ষক জান ওবলাক। বিরতির পর লক্ষ্যভ্রষ্ট হয়েছে গ্যারেথ বেলের আরও একটি প্রচেষ্টা।
প্রথমার্ধে এগিয়ে যেতে পারত আতলেতিকো। সুযোগ পেয়েও দুইবার গোল পোস্টের বাইরে দিয়ে শট নেন স্বাগতিক দলের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স।
খেলা দেখে মনে হয়েছে, জয় পাওয়ার ক্ষুধার চেয়ে হেরে যাওয়ার শঙ্কায় ভুগেছে উভয় দল। তাতে খুব একটা জমেনি লড়াই।
এই ফলে তেমন খুশি নন রিয়াল কোচ জিদান। সাংবাদিকদের বলেন, “আমরা যে খেলা খেলেছি, তাতে আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল। শেষ পর্যন্ত, এক পয়েন্ট নিয়ে থাকতে হলো। আমরা অনেকগুলো সুযোগ পেয়েছিলাম। বিশেষ করে বেনজেমার হেডটি।”
এই ড্রয়ে পয়েন্ট টেবিলে অবনমন হয়েছে আতলেতিকোর। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান থেকে দলটির অবস্থান এখন তৃতীয়।
দিনের অপর ম্যাচে লেগানেসকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে গ্রানাডা। দলটির পয়েন্ট ১৪ হলেও গোল ব্যবধানে আতলেতিকোর চেয়ে এগিয়ে আছে।
সাত ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে লিগের গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
