রাবি ছাত্রীর যৌন হয়রানি: দোষীর শাস্তির দাবিতে ফের বিক্ষোভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত অধ্যাপক বীথিকা বণিকের ভাই শ্যামল বণিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

রবিবার সকালে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সকালে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে। সেখানে তারা বলে, বিশ্ববিদ্যালয়ের আর যেন কোনো শিক্ষার্থীকে যৌন হয়রানির শিকার না হতে হয় সে জন্য অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ছাড়া অভিযুক্ত ভাইকে সমর্থন দেওয়ায় অধ্যাপক বীথিকা বণিককে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি স্মারকলিপি দেন। সেখানে কয়েকটি দাবির কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- যৌন হয়রানির শিকার হওয়া ছাত্রীর নামে কুৎসা রটানোর জন্য অধ্যাপক বীথিকা বণিককে জনসম্মুখে ক্ষমা চাওয়া, যৌন হয়রানি প্রতিরোধ সেলকে কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা।   

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান জানান, তিনি স্মারকলিপি পেয়েছেন। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ বীথিকা বণিকের বাসায় তার ভাই শ্যামল বণিক কর্তৃক যৌন হয়রানির শিকার হয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে যৌন হয়রানির মামলা করলে পুলিশ শ্যামল বণিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করলে গত ২৭ সেপ্টেম্বরে বীথিকা বণিককে প্রাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত