বড় ধরনের এক দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগোর দিল্লিগামী একটি ফ্লাইট। মাঝ আকাশে ইঞ্জিনে আগুন লেগে গেলেও পাইলটের সাহসিকতায় বেঁচে যান ১৮০ জন যাত্রী।
আনন্দবাজার পত্রিকা জানায়, রবিবার রাত ১টা নাগাদ গোয়া থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি। কিন্তু আকাশে ওড়ার মিনিট ২০ পরেই বিমানের একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। এমন পরিস্থিতিতে গোয়া ফিরে এসে ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট।
বিমানটিতে ছিলেন ১৮০ জন যাত্রী। ইন্ডিগোর ওই বিমানের বাঁ দিকের ইঞ্জিনে আগুন লাগার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সবাই চিৎকার শুরু করে দেয়।
সেই বিমানে দিল্লি যাচ্ছিলেন গোয়ার পরিবেশমন্ত্রী নীলেশ কাব্রাল ও তার সঙ্গীরা। নীলেশ এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আকাশে ওড়ার মিনিট ২০ পরই বাঁ দিকের ইঞ্জিনে আগুন লাগে। তা দেখে যাত্রীরা চিৎকার জুড়ে দেয়। কিন্তু পাইলট সেই ইঞ্জিন বন্ধ করে দেন ও পরিস্থিতির দারুণ মোকাবিলা করেন।’
তিনি আরও জানান, গোয়া বিমানবন্দরে ফিরে আসার পর তাদের জন্য দিল্লিগামী পরবর্তী বিমানের ব্যবস্থা করা হয়।
সেই বিমান দিল্লি সোমবার ভোর ৪টে নাগাদ পৌঁছেছে বলে জানিয়েছেন ওই মন্ত্রী। যদিও বিমানে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি।
