সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিনই মাসিক রেডিও বার্তা ‘মন কি বাত’ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এতে মোদি বলেন, যুব সমাজের স্বার্থেই ই-সিগারেট নিষিদ্ধ করেছে সরকার।
দৈনিক বর্তমান জানায়, চলতি মাসে ই-সিগারেট বিক্রি, উৎপাদন, ব্যবহার এবং সঙ্গে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
আগামী অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হবে। এ নিয়ে বিতর্ক শুরু হলে রেডিওতে এসে বিষয়টি ব্যাখ্যা করেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার কোনোভাবেই চায় না, দেশের যুব সমাজের কোনো ক্ষতি হোক। কোনো পরিবারের স্বপ্ন ভেঙে যাক, বা আমাদের সন্তানদের জীবন নষ্ট হোক, তা আমরা চাই না। অথচ, ই-সিগারেট ক্রমাগত সেই ক্ষতিই করে চলছিল। এই জঘন্য নেশা অভ্যাস যাতে আমাদের সমাজে গেঁথে না বসে। সে কারণেই এই উদ্যোগ।’
মোদি বলেন, ‘ই-সিগারেট নিয়ে মানুষের মধ্যে সচেতনতা খুবই সামান্য। ধূমপায়ীরা এর ক্ষতিকারণ দিক সম্পর্কে জানেন না। তাই কৌতূহল জিইয়ে রেখে বাড়ি বাড়ি ঢুকে পড়ছে ই-সিগারেট।’
তিনি আরও বলেন, ‘ই-সিগারেট পানে নিকোটিনযুক্ত ফ্লুইড বিশেষ এক ধরনের রাসায়নিক মিশ্রিত ধোঁয়া উৎপন্ন করে। এভাবেই নিকোটিন নেন মানুষ।’
