‘আজকে জামিন পেলে কালকেই বিদেশ যাবেন খালেদা জিয়া’

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৯:০৫ পিএম

বিএনপির যুগ্ম-মহাসচিব সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন তিনি।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এর আগে বিকেল ৫টার দিকে হারুনসহ বিএনপির তিন এমপি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বাকি দুই এমপি হলেন- উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম।

শপথ নেওয়ার পর এই প্রথম দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন দলের এই তিন সংসদ সদস্য। তার সঙ্গে হঠাৎ এই তিন এমপির সাক্ষাৎ নিয়ে দলের মধ্যে নানা কথাবার্তা শুরু হয়েছে। কারও কারও প্রশ্ন- মুক্তির বিষয়ে বিশেষ করে প্যারোলে মুক্তির বিষয়ে তাহলে কি খালেদা জিয়ার কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? যদিও এমপিদের কাছ থেকে এর সরাসরি কোনো জবাব পাওয়া যায়নি।

জানতে চাইলে উকিল আবদুস সাত্তার দেশ রূপান্তরকে বলেন, ‘হঠাৎ করে আমরা দেখা করতে যাইনি। এত দিন দেখা করতে যাইনি আমরা তো অমানবিক কাজ করেছি। আসলে আমাদের তার সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হয়নি।’

সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে গেছেন গুঞ্জন রয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কারও কোনো প্রস্তাব নিয়ে আমরা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যাইনি। আরও আগে তার সঙ্গে আমাদের সাক্ষাতের দরকার ছিল। এটা আমরা অপরাধ করেছি। দীর্ঘদিন পর দলের নেত্রীকে স্বচক্ষে দেখতে হাসপাতালে গিয়েছিলাম আমরা।’

এদিকে হাসপাতালের কেবিন থেকে বেরিয়ে এমপি হারুন সাংবাদিকদের বলেন, ‘চেয়ারপারসনের যে সমস্ত অসুখ-বিসুখ রয়েছে, এগুলোর জন্য উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। এর জন্য বিদেশে তার চিকিৎসার দরকার।’

তিনি বলেন, ‘আমি সরকারের প্রতি আহ্বান জানাব, বাস্তবিকই উনার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার, এই জামিনের অধিকার থেকে তাকে যেন বঞ্চিত করা না হয়।’

জামিন পেলে বিএনপি চেয়ারপারসন কি বিদেশে চিকিৎসার জন্য যেতে চান- প্রশ্ন করা হলে হারুন বলেন, ‘উনি চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবেন। উনি আজকে জামিন পেলে কালকেই বিদেশ যাবেন। উনি যদি আজকে জামিন পান, প্রথম অগ্রাধিকার হবে উনার চিকিৎসা।’

তিনি বলেন, ‘চেয়ারপারসনের শারীরিক অবস্থা যেরকম, তার চিকিৎসা বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালে নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল। আজকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে কেন এই চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে- এটা সারাদেশের মানুষ জানতে চায়।’

চেয়ারপারসন কী নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে হারুন দেশ রূপান্তরকে বলেন, ‘ম্যাডাম দল ও দেশের খোঁজ-খবর নিয়েছেন। দেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থায় হতাশা প্রকাশ করেছেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন।’

দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে গত ১ এপ্রিল বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। পরে উচ্চ আদালতে সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়।

এরপর ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার অর্থদণ্ড দেন আদালত। বর্তমানে তার বিরুদ্ধে ৩৩টি মামলা চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত